কৃষি ফার্ম শ্রমিকদের আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৬ পালন
অদ্য ১ মে ২০২৬ তারিখ, বাংলাদেশ
কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশন-এর উদ্যোগে “দৈনিক মজুরী
১০০০ টাকা ও বিএডিসিসহ সকল কৃষি ফার্ম শ্রমিককে নিয়মিতকরণসহ ১৩ দফা দাবি বাস্তবায়ন করতে হবে” এই দাবিকে সামনে
রেখে দেশের বিভিন্ন জেলায় অবস্থিত ইউনিয়ন/সমিতির সদস্যরা যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করেছে।
উল্লেখিত
কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন
স্থানে র্যালি, সমাবেশ, আলোচনা সভা এবং সচেতনতামূলক
কার্যক্রম আয়োজন করা হয়। শ্রমিক
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, কৃষি ফার্ম শ্রমিকরা
দীর্ঘদিন ধরে ন্যায্য মজুরি,
চাকরির নিরাপত্তা এবং সামাজিক সুরক্ষা
থেকে বঞ্চিত। বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে দৈনিক মজুরি
১০০০ টাকা নির্ধারণ এবং
বিএডিসিসহ সকল কৃষি ফার্ম
শ্রমিককে স্থায়ীভাবে নিয়মিতকরণ এখন সময়ের দাবি।
বক্তারা
আরও উল্লেখ করেন, ১৩ দফা দাবির
মধ্যে রয়েছে— মজুরি বৃদ্ধি, চাকরি নিয়মিতকরণ, নিয়োগ অবসানের আর্থিক
সুবিধা বৃদ্ধ করা, কৃষি ফার্ম শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড সুবিধা চালু করা, কৃষি ফার্মে
নিয়োজিত নারী কৃষি শ্রমিকদের স্ববেতনে ৬ মাস মাতৃত্বকালীন ছুটি প্রদান করা, নববর্ষ
ভাতা, পাহাড়ী ভাতা, পোষ্যকোটা চালু করা, শ্রমিকদের
জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা ও অন্যান্য সামাজিক
নিরাপত্তা নিশ্চিত করা। তারা সরকারের
প্রতি দ্রুত এসব দাবি বাস্তবায়নের
আহ্বান জানান।
সমাবেশে
অংশগ্রহণকারী শ্রমিকরা তাদের অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধ থাকার
অঙ্গীকার ব্যক্ত করেন এবং ১৩ দফা দাবি আদায়ের জন্য ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের
প্রস্তুত থাকার আহ্বান জানান।
