বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর শ্রমিকদের নিয়মিতকরণসহ কৃষি ফার্ম শ্রমিকদের ১৩ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কঠোর কর্মসূচি গ্রহণের আহ্বান জানিয়েছে ফরিদপুর বিএডিসি শ্রমিক ইউনিয়ন।
আজ ৩ অক্টোবর ২০২৬ তারিখে ফরিদপুরের তাম্বুলখানা বীজ উৎপাদন খামারে ফরিদপুর বিএডিসি শ্রমিক ইউনিয়নের সাধারণ সভায় এ আহ্বান জানানো হয়। সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বিএডিসির বিভিন্ন খামারে কর্মরত শ্রমিকরা অনিয়মিত ও অনিশ্চিত কর্মসংস্থানের মধ্যে কাজ করে আসছেন। শ্রমিকদের চাকরির নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে তাদের নিয়মিতকরণসহ কৃষি ফার্ম শ্রমিকদের ১৩ দফা দাবি বাস্তবায়নে বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ জরুরি।
সভায় কৃষি ফার্ম শ্রমিকদের ১৩ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আরও জোরালো ও কঠোর কর্মসূচি গ্রহণের আহ্বান জানানো হয়। একই সঙ্গে শ্রমিকদের ঐক্যবদ্ধ করে দাবি আদায়ের আন্দোলনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
ফরিদপুর বিএডিসি শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির সভাপতি মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম ছরোয়ার।
মোঃ খালেদ হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, ওসমান গণী, প্রতিমা রানী বসাক প্রমুখ।