Tuesday, November 17, 2026

দৈনিক মজুরি ১২৫০ টাকা ও বিএডিসিসহ সকল কৃষি ফার্ম শ্রমিকদের নিয়মিতকরণসহ ১৩ দফা বাস্তবায়নের দাবি।

দৈনিক মজুরি ১২৫০ টাকা ও বিএডিসিসহ সকল কৃষি ফার্ম শ্রমিকদের নিয়মিতকরণসহ ১৩ দফা বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশন।

গত ১৮ অক্টোবর, ২০২৬ তারিখ, রবিবার, জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এই দাবি জানানো হয়। ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আজিজুল হক এর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন সাধারণ সম্পাদক গোলাম ছরোয়ার। সংবাদ সম্মেলনে অন্যান্যর মধ্যে কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের অন্তর্ভূক্ত শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনাব গোলাম ছরোয়ার তার লিখিত বক্তব্যে বলেন, সর্বশেষ ২০২০ সালে ফার্ম শ্রমিকদের মজুরি বৃদ্ধি হয়েছে। পরিতাপের বিষয় হচ্ছে গত ৬ বছরে কৃষি ফার্ম শ্রমিকদের কোন মজুরি বাড়ানো হয়নি। অথচ, ২০২০ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত দ্রব্যমূল্য দ্বিগুনেরও বেশি বৃদ্ধি পেয়েছে। মূদ্রাস্ফীতি বৃদ্ধি ও খাদ্য পণ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চ মূল্যের কারনে জীবনযাত্রার ব্যায় অস্বাভাবিক ভাবে বেড়ে যাওয়ায় সরকারি কৃষি ফার্ম শ্রমিকরা চরম আর্থিক সংকটে জীবনযাপন করতে বাধ্য হচ্ছে। ইতিমধ্যে সরকার গত জুলাই মাসে সরকারি চাকরিজীবীদের জন্য সরকার নবম জাতীয় পে-স্কেল ঘোষনা করেছে। সরকারি প্রতিষ্ঠানে কর্মরত ফার্ম শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে মজুরি বৃদ্ধি করা এখন অত্যন্ত জরুরি ও সময়োপযোগী দাবি উল্লেখ করে চরম আর্থিক সংকটের মধ্যে থাকা কৃষি ফার্ম শ্রমিকদের দৈনিক মজুরি বৃদ্ধিসহ ১৩ দফা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি তিনি আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে উত্থাপিত ১৩ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো কৃষি ফার্মসমূহে কর্মরত নিয়মিত শ্রমিকদের দৈনিক মজুরি ১২৫০ টাকা ও অনিয়মিত শ্রমিকদের দৈনিক মজুরি ১২০০ টাকা নির্ধারণ করা; বিএডিসিসহ সকল গবেষণা খামারে নিয়োজিত অনিয়মিত শ্রমিকদের নিয়মিতকরন করা; কৃষি ফার্ম শ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠন করা, গ্রাচুয়েটি সুবিধা বৃদ্ধি ও প্রভিডেন্ট ফান্ড সুবিধা চালু করা; নারী কৃষি শ্রমিকদের স্ববেতনে ৬ মাস মাতৃত্বকালীন ছুটি; বাংলাদেশ শ্রম আইন এর সাথে সামঞ্জস্য রেখে কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা সংশোধন করে আইনে রূপান্তর করা ইত্যাদি।









No comments:

Post a Comment